কলকাতায় পশুচিকিৎসকদের বার্ষিক সাধারণ সভা
কলকাতা, ২৮ জুন (হি. স.): কলকাতার রবীন্দ্র ভবনে রবিবার অনুষ্ঠিত হল অ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি ডক্টর্সের বার্ষিক সাধারণ সভা ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ ঘোষ ও রাজীব মাহাতো। সভার মূল বিষয় ছিল ‘সোনা
সেমিনার


কলকাতা, ২৮ জুন (হি. স.): কলকাতার রবীন্দ্র ভবনে রবিবার অনুষ্ঠিত হল অ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি ডক্টর্সের বার্ষিক সাধারণ সভা ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ ঘোষ ও রাজীব মাহাতো। সভার মূল বিষয় ছিল ‘সোনার বাংলা গঠনে পশুচিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য’। বক্তারা বলেন, পশুসম্পদের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা, অপুষ্টি দূরীকরণ এবং ‘উন্নত ভারত’ গঠনে পশুচিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. উত্তম কুমার দত্ত, প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের আধিকারিক ড. নির্মল কুমার শিট-সহ দফতরের একাধিক পদস্থ আধিকারিক। এছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধি বিবেকানন্দ পাত্র ও ড. উত্তম ঘোষ সংগঠন, জাতীয় পুনর্গঠন এবং সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের বর্তমানে ৮০০-রও বেশি সদস্য রয়েছে এবং রাজ্যের প্রায় সব জেলাতেই এর বিস্তার ঘটেছে। এদিনের অনুষ্ঠানে ৭৫০-এর বেশি পশুচিকিৎসক, পোলট্রি ও পশুখাদ্য শিল্পের বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং ছাত্রছাত্রী অংশ নেন। সভায় রাজ্যজুড়ে ‘পশুপালক সংযোগ অভিযান’ চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মহিলা সদস্য এবং পোলট্রি ও পশুখাদ্য শিল্পের সঙ্গে যুক্ত পশুচিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়। ড. প্রদীপ পতি সভাপতি এবং ড. প্রশান্ত বেরা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও ‘বন্দে মাতরম্’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande