
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): অযোধ্যার রামমন্দির নিয়ে তোলা হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রবিবার ভিএইচপির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন, রামমন্দিরকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার করে পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।
কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, মন্দিরের সমস্ত সোনা, রুপো ও মূল্যবান সামগ্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছে। সেই অবস্থায় হাজার হাজার কোটি টাকা চুরির অভিযোগের কোনও ভিত্তি নেই।
অলোক কুমারের দাবি, এই ধরনের অভিযোগ কেবল রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি বলেন, সমাজে বিভ্রান্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে গুজব রটানো দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নিয়ে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫৩ ধারায় মামলা রুজু করে তদন্ত হওয়া উচিত। যাঁরা এই অভিযোগ তুলেছেন, তাঁদের দাবি প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিও পেশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যেসব অভিযোগের বাস্তব ভিত্তি রয়েছে, সেগুলি নিয়ে তদন্তে ভিএইচপির আপত্তি নেই। তবে রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ তুলে রাম জন্মভূমিকে বদনাম করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, অযোধ্যাকে 'সিয়ারাম ধাম' হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকেও নিশানা করেন অলোক কুমার। তিনি বলেন, নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতিই দেওয়া হয়, কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন অখিলেশ যাদব অযোধ্যার উন্নয়নে উল্লেখযোগ্য কোনও উদ্যোগ নেননি।
তাঁর অভিযোগ, অখিলেশ যাদবের আমলে অযোধ্যার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন অযোধ্যায় কারসেবকদের উপর গুলি চালানোর ঘটনাও মানুষ ভোলেনি।
অলোক কুমার বলেন, শুধু নির্বাচনের সময় রামের নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা আর সফল হবে না। রাম জন্মভূমিকে ঘিরে অপপ্রচারের জবাব জনগণই যথাসময়ে দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য