
কলকাতা, ২৮ জুন (হি.স.): আচমকা পদচ্যুত কলকাতা ইস্কনের সহ-সভাপতি রাধারমণ দাস। তাঁকে ইস্কনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে এক বিবৃতিতে তিনি নিজেই সে কথা জানিয়েছেন। ইস্কন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়ে এদিন সমাজ মাধ্যমে রাধারমণ লিখেছেন, আমি আমার সমস্ত শুভানুধ্যায়ী, ভক্ত, সংবাদমাধ্যমের বন্ধু এবং সাধারণ মানুষকে জানাতে চাই যে, আমাকে ইস্কনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি সংবাদমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ বা জনসমক্ষে ইস্কনের পক্ষে আর কোনও বক্তব্য না রাখি।
তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার নেপথ্যে প্রাথমিকভাবে ৬টি কারণ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন রাধারমণ। তাঁর দাবি, প্রথম কারণ হলো — তিনি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন এবং চিন্ময়কৃষ্ণ প্রভুর সমর্থনেও বিবৃতি দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি বিজেপি সাংসদ মানেকা গান্ধী-কে আইনি নোটিশ ধরিয়েছেন। তৃতীয়ত, কৌতুকশিল্পী সুরলীন কৌরের একটি মন্তব্য নিয়ে আপত্তি তুলে তাঁর বিরুদ্ধে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। চতুর্থ কারণ হলো, সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া। পঞ্চম কারণ, ১৯৭৬ সালে নিউ ইয়র্কে রথযাত্রার একটি কর্মসূচির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যুক্ত থাকা নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। আর ষষ্ঠ কারণ, তিনি গত ২৯ মে একটি সংবাদমাধ্যমের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের একটি লিঙ্কও এক্স হ্যান্ডলের পোস্টে জুড়ে দিয়েছেন রাধারমণ।
ইস্কন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলে উল্লেখ করেছেন রাধারমণ দাস। পদ হারালেও ইস্কনের উন্নতি এবং সাফল্য কামনা করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ