
কলকাতা, ২৮ জুন (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র প্রতি দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হচ্ছেও ঠিকই, তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। বৃষ্টি থামতেই বাড়ছে অস্বস্তি, কমছে না ভ্যাপসা গরম। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। মঙ্গলবারের আগেও ঝড়বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ষার বৃষ্টিতে নাজেহাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলা। টানা কয়েক সপ্তাহ ধরে এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলছে। উত্তরের নদীগুলির জলস্তরও বেড়ে গিয়েছে। এখনই পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ