
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): দিল্লির অভিজাত এলাকা মালব্য নগরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সকাল ৯টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল।
দমকল জানিয়েছে, মালব্য নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। দমকল জানিয়েছে, কমপক্ষে ৪৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। পাঁচতলা ওই রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টা ৫০ মিনিটে বেসমন্টে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যত্র।
বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত ২১ জন মারা গিয়েছেন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে সকাল ৮.৫১ মিনিটে। আমরা সকাল ৯টা থেকে এখানে আছি। মুহূর্তের মধ্যেই দমকল বাহিনী এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও স্থানীয়রা লোকজনকে উদ্ধারে সহায়তা করেছেন। এখনও পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। ২১ জন নিহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছিল তা তদন্তাধীন। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। সংস্থাগুলো সময়মতো সাড়া না দিলে ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। এখানে চিকিৎসার জন্য আসা বাংলাদেশি এবং সার্কভুক্ত দেশগুলোর লোকজন বিএনবি-তে থাকতেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন শোকসন্তপ্ত সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ