
বেঙ্গালুরু, ৩ জুন (হি.স.) : বুধবার কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ডি. কে. শিবকুমার (ডোড্ডালাহাল্লি কেম্পেগৌড়া শিবকুমার)। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বিকেল ৪টা ৫ মিনিটে তাঁকে রাজ্যের ২৫-তম মুখ্যমন্ত্রী হিসেবে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন। বেঙ্গালুরুর লোক ভবন-এর গ্লাস হাউসে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
শপথগ্রহণ উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে লোক ভবন চত্বর। রাজধানীর বিভিন্ন প্রান্তে ডি. কে. শিবকুমারের বিশাল কাট-আউট ও ব্যানার লাগানো হয়েছে। শান্তি, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন আদিচুঞ্চনগিরি মঠ, সিদ্ধগঙ্গা মঠ, সুত্তুর মঠ, তারালাবালু মঠ, পেজাবর মঠ ও রম্ভাপুরি মঠের সাধু-সন্তরা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী শ্রী রবিশঙ্কর। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন চার্চের আর্চবিশপ ড. পিটার মাচাডো এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতারাও। মোট ৫৫ জনেরও বেশি সর্বধর্ম প্রতিনিধির উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রণদীপ সিং সুরজেওয়ালা এবং কে. সি. বেনুগোপাল-সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। কংগ্রেস-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
চলচ্চিত্র, শিল্প, ক্রীড়া এবং অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের জন্য প্রায় ১,১০০টি আসনের ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের প্রবেশের জন্য তিন স্তরের বিশেষ পাস ব্যবস্থা চালু করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বসন্তনগরের শাংগ্রি-লা হোটেল এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) কার্যালয়ের এক কিলোমিটার এলাকা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধান সৌধ, বিকাশ সৌধ এবং এম.এস. বিল্ডিংয়ের কর্মীদের অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য