
পিথোরাগড় , ৩ জুন (হি.স.) : উত্তরাখণ্ডের সীমান্তবর্তী পিথোরাগড় জেলার পবিত্র আদি কৈলাস ও ওম পর্বত যাত্রার প্রতি ভক্ত ও পর্যটকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। যাত্রা শুরুর মাত্র ৩৩ দিনের মধ্যেই ৩০ হাজারের বেশি ইনার লাইন পারমিট ইস্যু হওয়ায় এ বছর নতুন রেকর্ড গড়েছে এই তীর্থযাত্রা।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২ জুন পর্যন্ত মোট ৩০,০১৬টি ইনার লাইন পারমিট জারি করা হয়েছে। শুধু ২ জুনেই ইস্যু হয়েছে ১,১৭৮টি পারমিট। গত ১ মে জোলিংকংয়ের পার্বতী কুণ্ড সংলগ্ন শিবমন্দিরের দ্বারোদ্ঘাটনের মাধ্যমে এ বছরের যাত্রা শুরু হয়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পুরো যাত্রা মরশুমে ২৯,৩৫২টি এবং ২০২৫ সালে ৩৬,৫২৬টি ইনর লাইন পারমিট জারি হয়েছিল। সেই তুলনায় এ বছর মাত্র ৩৩ দিনের মধ্যেই ৩০ হাজারের গণ্ডি অতিক্রম করা আদি কৈলাস যাত্রার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ।
প্রশাসনের তথ্য বলছে, ১ থেকে ৩১ মে পর্যন্ত প্রায় ২৮ হাজার ভক্ত ও পর্যটক আদি কৈলাস এবং ওম পর্বত দর্শনে এসেছেন। যা গত বছরের তুলনায় ১৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করছে।
২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদি কৈলাস সফর এবং ২০২৪ সালের জুন মাসে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর যোগসাধনার পর এই আধ্যাত্মিক কেন্দ্রটি দেশজুড়ে বিশেষ পরিচিতি পেয়েছে। এরপর থেকেই দেশ-বিদেশের ভক্ত ও প্রকৃতিপ্রেমীদের আগমন ধারাবাহিকভাবে বেড়েছে।
জেলাশাসক আশীষ ভাটগাই জানান, আদি কৈলাস যাত্রা সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে। পর্যটনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় পরিযায়নও অনেকটা কমেছে।
প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের ভ্রমণের আগে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা, আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়া এবং সরকারি নির্দেশিকা মেনে নিরাপদ যাত্রা করার আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য