
প্রয়াগরাজ, ৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজের কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ মালাকা এলাকায় একই পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৪ জনকেই খুন করা হয়েছে। প্রতিবেশীরা বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন, পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। পুলিশ কর্মীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বাড়ির মালিক বীরেন্দ্র বৈশ্য, তাঁর স্ত্রী অনিতা এবং তাঁদের মেয়ে মীনাক্ষীর মৃতদেহ আলাদা আলাদা ঘরে দেখতে পান। এছাড়াও একটি দোকান থেকে এক পুরুষের দেহ উদ্ধার হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
বুধবার প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় পাল শর্মা বলেন, “আমরা প্রথমে দক্ষিণ মালাকায় বীরেন্দ্রর বাসভবন থেকে বীরেন্দ্র বৈশ্য, তাঁর স্ত্রী ও মেয়ের মৃতদেহ উদ্ধার করি। তাঁদের মালিকানাধীন একটি তালাবদ্ধ, খালি দোকান থেকে আরও একটি পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়, যাকে তাঁদের ছেলে অভিষেক বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের আরেক ছেলে, অশ্বিনী, বর্তমানে প্রতারণার অভিযোগে কৌশাম্বী জেলে বন্দী। ঘটনাস্থলের একটি দেওয়ালে ‘বান্টি, বাবলি আর বহু মেরেছে’ লেখা একটি বার্তা পাওয়া গেছে, যা তদন্তাধীন। ফরেনসিক দল আঙুলের ছাপ এবং অন্যান্য প্রমাণ পরীক্ষা করছে এবং আরও সূত্রের সন্ধানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিবারটিকে কোনও ভারী বস্তু দিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের দল এখন তদন্ত চালিয়ে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ