
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): দেশের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েক দিন। বৃষ্টির পাশাপাশি ওই সব অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে দিল্লি এনসিআর, রাজস্থান, পঞ্জাবে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বেশ কিছু অংশে ইতিমধ্যে প্রাকবর্ষার বৃষ্টির কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে।
এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সব ঠিকঠাক চললে ৪ জুন কেরলমে প্রবেশ করতে পারে বর্ষা। সপ্তাহান্তে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এমনিতে দেশের মূল ভূখণ্ডে খাতায়-কলমে বর্ষা প্রবেশ করে ১ জুন। কেরলের মধ্যে দিয়েই মূল ভূখণ্ডে ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এ বার ৪ জুন তা প্রবেশ করছে বলে মনে করছেন আবহবিদেরা। আগামী কয়েক দিন তামিলনাড়ু এবং কর্নাটকের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণেই সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরের দিকে অগ্রসর হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ