
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষার দাবিতে দায়ের করা মামলায় এএপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে অন্তর্বর্তী স্বস্তি দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। তবে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের একক বেঞ্চ রাঘব চাড্ডার চিহ্নিত করা পাঁচটি মানহানিকর কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
গত ২১ মে এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল আদালত। শুনানির সময় বিচারপতি প্রসাদ মন্তব্য করেছিলেন, কোনও রাজনৈতিক নেতার রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করাকে প্রাথমিকভাবে তাঁর ব্যক্তিত্বের অধিকারের লঙ্ঘন বলা যায় না। আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধে ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে মানহানির মামলা করা যেতে পারে।
রাঘব চাড্ডা তাঁর আবেদনে দাবি করেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তাঁর ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এমনকি তাঁর মুখ বিকৃত করে (মরফিং) ভুয়ো বক্তব্য-সহ বিভিন্ন ভিডিও ছড়ানো হচ্ছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
এর আগে দিল্লি হাইকোর্ট কংগ্রেস নেতা শশী থারুর, অভিনেতা অর্জুন কাপুর, তেলুগু অভিনেতা আল্লু অর্জুন, কথক অনিরুদ্ধাচার্য, মালয়ালম অভিনেতা মোহনলাল, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রাক্তন সাংসদ গৌতম গম্ভীর, পতঞ্জলি আয়ুর্বেদের আচার্য বালকৃষ্ণ, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, বাবা রামদেব, অভিনেত্রী কাজল, অভিনেতা বিবেক ওবেরয়, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, অভিনেতা সালমান খান, অজয় দেবগন, অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন, সাংবাদিক সুধীর চৌধুরী, আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর, তেলুগু অভিনেতা নাগার্জুন, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন এবং চলচ্চিত্র প্রযোজক করণ জোহরের ব্যক্তিত্ব-সংক্রান্ত তথ্য বা ছবি তাঁদের অনুমতি ছাড়া ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য