(আপডেট) দ্বারকা এক্সপ্রেসওয়ে-নেলসন ম্যান্ডেলা রোড সংযোগকারী ৬ লেনের টানেল নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়েকে বসন্ত কুঞ্জের নেলসন ম্যান্ডেলা রোডের সঙ্গে যুক্ত করতে ৬ লেনের একটি আধুনিক সড়ক টানেল নির্মাণে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার অর্থনৈতিক বিষয়
দ্বারকা এক্সপ্রেসওয়ে-নেলসন ম্যান্ডেলা রোড সংযোগকারী ৬ লেনের টানেল নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়েকে বসন্ত কুঞ্জের নেলসন ম্যান্ডেলা রোডের সঙ্গে যুক্ত করতে ৬ লেনের একটি আধুনিক সড়ক টানেল নির্মাণে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) প্রায় ৬,৯৬৯.৬৭ কোটি টাকা ব্যয়ে ৮.১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ছাড়পত্র দেয়। জাতীয় সড়ক (মূল) প্রকল্পের আওতায় হাইব্রিড অ্যানুইটি মডেলে এটি নির্মিত হবে।

প্রস্তাবিত টানেলটি রঙ্গপুরি রিজের নীচ দিয়ে যাবে। শিবমূর্তি ইন্টারচেঞ্জ থেকে শুরু হয়ে নেলসন ম্যান্ডেলা রোড ও মহিপালপুর-ছাতারপুর রোডের সংযোগস্থলের আগে শেষ হবে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে দ্বারকা এক্সপ্রেসওয়ে সরাসরি দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের সঙ্গে যুক্ত হবে। ফলে পশ্চিম ও দক্ষিণ দিল্লির মধ্যে যাতায়াত অনেক দ্রুত হবে। পাশাপাশি গুরুগ্রাম, দ্বারকা, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং পশ্চিম দিল্লি থেকে দক্ষিণ দিল্লিগামী যান চলাচলেও বড় সুবিধা হবে।

প্রকল্পে ভূগর্ভস্থ দ্বৈত টিউব টানেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যাতে উপরিভাগের যানজট কমার পাশাপাশি দক্ষিণ রিজ বনাঞ্চলের পরিবেশও সুরক্ষিত থাকে। টানেলের প্রায় ১.৯৮ কিলোমিটার অংশ রিজ এলাকার নীচ দিয়ে যাবে।

এছাড়া এনএইচএআই, এইমস ও মহিপালপুরের মধ্যে একটি এলিভেটেড করিডর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এটি টানেলকে বারাপুল্লা এলিভেটেড রোডের সঙ্গে যুক্ত করবে, যার মাধ্যমে পশ্চিম ও দক্ষিণ দিল্লির পাশাপাশি পূর্ব দিল্লি, গাজিয়াবাদ ও নয়ডার সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে।

নেলসন ম্যান্ডেলা রোডের যানজট কমাতে ১.৮ কিলোমিটার দীর্ঘ একটি এলিভেটেড রোড, ছাতারপুর থেকে মহিপালপুরমুখী অতিরিক্ত ফ্লাইওভার এবং ছাতারপুর দিক থেকে ডানদিকে ঘোরার সুবিধার জন্য একটি এলিভেটেড ইউ-টার্ন নির্মাণেরও প্রস্তাব অনুমোদিত হয়েছে।

প্রকল্পের মূল সড়কের দৈর্ঘ্য ৬.৩ কিলোমিটার। ফ্লাইওভার ও এলিভেটেড ইউ-টার্ন-সহ মোট দৈর্ঘ্য হবে ৮.১ কিলোমিটার। এর মধ্যে থাকবে ৩.১৪ কিলোমিটার টানেল, ০.৯৮ কিলোমিটার টানেল অ্যাপ্রোচ র্যাম্প, ০.৫৫৪ কিলোমিটার রিইনফোর্সড আর্থ (আরই) ওয়াল অ্যাপ্রোচ, ২.৫৫৬ কিলোমিটার এলিভেটেড অংশ এবং ০.৮৭০ কিলোমিটার ভূমিস্তরের সড়ক।

অশ্বিনী বৈষ্ণব জানান, জাতীয় সড়কের প্রতিটি লেন-কিলোমিটার নির্মাণে গড়ে ২৬৪ কর্মদিবসের প্রত্যক্ষ এবং ৫৫ কর্মদিবসের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭.৫৪ লক্ষ কর্মদিবসের প্রত্যক্ষ এবং ৯.৮০ লক্ষ কর্মদিবসের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি করিডর ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande