অসমের বন্যাকবলিত এলাকা পরিদর্শন কেন্দ্রীয় দুই মন্ত্রী শিবরাজ ও কিরেন, সহায়তার আশ্বাস
গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজু আজ বুধবার ধেমাজি জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে পর্যালোচনা করেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের সঙ্গ দিয়েছেন রাজ্যের
বন্যাকবলিত এলাকায় কেন্দ্রীয় দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজু


গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজু আজ বুধবার ধেমাজি জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে পর্যালোচনা করেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের সঙ্গ দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ডা. রণোজ পেগু ও অতুল বরা, সাংসদ প্রদান বরুয়া, কয়েকজন বিধায়ক এবং অবশ্যই রাজ্যের শীর্ষ সরকারি আধিকারিকরা।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর শিবরাজ সিং চৌহান বলেন, বন্যার ধ্বংসযজ্ঞ অত্যন্ত ভয়াবহ। তিনি জানান, একটি নদী তার গতিপথ পরিবর্তন করায় বিস্তীর্ণ জনবসতি ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখানে ধ্বংসযজ্ঞের চিত্র স্বচক্ষে দেখেছি। একটি নদী তার গতিপথ পরিবর্তন করায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। বহু বাড়িঘর ভেসে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, অসংখ্য বিদ্যুৎ পরিবাহী খুঁটি ভেঙে পড়েছে।’

পরিস্থিতিকে এক বড় সংকট হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে ত্রাণ, পুনর্বাসন এবং পুনর্গঠনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, প্রশাসন ইতিমধ্যেই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং দুর্গত এলাকায় ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

আগামী দিনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে চৌহান বলেন, কৃষিজমিতে জমে থাকা বালি, পলি ও ধ্বংসাবশেষ অপসারণ করা জরুরি, যাতে কৃষিকাজ আবার শুরু করা যায়। এ ধরনের পুনরুদ্ধারমূলক ব্যবস্থা গ্রহণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

মন্ত্রী শিবরাজ সিং বলেন, সরকারি সমীক্ষা শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করা হবে এবং ক্ষয়ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণও প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অসমের বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্ৰয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande