
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): দিল্লির জনকপুরীতে বহুতল ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার সামগ্রী ভস্মীভূত। জানা গেছে, বুধবার ভোরে জনকপুরীতে একটি বহুতল ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ আগুন লাগে। তাতে লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। আগুন লাগার পর ঘটনাস্থলের চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
উত্তম নগর-নাজফগড় রোডে অবস্থিত 'বিজয় সেলস'-এর ওই শোরুমে ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আগুন পাশের 'বাটা'-র শোরুমেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৭৫ জন দমকল কর্মী তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলে দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন।
দমকল আধিকারিক রাজেন্দর আটওয়াল বলেন, এটি একটি ইলেকট্রনিক পণ্যের শোরুম। এখানে আগুন লেগেছিল, আমরা ঘটনাস্থলে ১৫টি দমকলের গাড়ি মোতায়েন করেছি এবং আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন তাপমাত্রা কমানোর কাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ