
চন্ডীগড়, ১ জুলাই (হি.স.): পঞ্জাবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজস্থানের দুই মহিলা-সহ ৪ পুণ্যার্থীর। পঞ্জাবের ভাটিন্ডা-ডাবওয়ালি জাতীয় সড়কে বুধবার ভোরের দুর্ঘটনায় রাজস্থানের চারজন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়াও আরও ৭ জন সামান্য আহত হয়েছেন; তাঁদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, হতাহতরা অমৃতসরের স্বর্ণমন্দির যাচ্ছিলেন, সেখান থেকে অমরনাথ তীর্থস্থানে যাওয়ার কথা ছিল। ভাটিন্ডা পুলিশ সূত্রের খবর, আহতরা বিপদমুক্ত এবং দুর্ঘটনার তদন্ত চলছে। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিহতরা রাজস্থানের বালোত্রার বাসিন্দা। পুলিশ আরও জানিয়েছে, বুধবার ভোরে ভাটিন্ডা-ডাবওয়ালি জাতীয় সড়কে (যা অমৃতসর-জামনগর মহাসড়ক নামেও পরিচিত) গুরুসার সাইনেওয়ালা ও যোধপুর রোমানা গ্রামের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে টেম্পো ট্রাভেলারের সংঘৰ্ষ হয়। টেম্পো-ট্রাভেলারে চেপে তাঁরা স্বর্ণমন্দির ও অমরনাথ তীর্থস্থানে যাচ্ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ