
মুম্বই, ১ জুলাই (হি.স.): বিগত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী মুম্বই। মূলত নিচু এলাকাগুলিতে জল জমে গিয়েছে। বুধবার ভারী বর্ষণের ফলে মালাডের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জল জমে যানবাহন চলাচলের গতি শ্লথ হয়ে পড়েছে। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এদিন বৃষ্টির জেরে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এলাকার পওয়াই হ্রদের জল উপচে পড়ে।
এদিকে ভারী বৃষ্টিতে মুম্বইয়ের চেম্বুরে মাটি আলগা হয়ে মঙ্গলবার একটি গাছ ভেঙে পড়েছিল স্কুলবাসের ওপর। তাতে ১১ বছর বয়সি বিহান শ্রীবাস্তব নামে এক পড়ুয়া মারা যায়। পুরোনো অশ্বত্থ গাছ স্কুল বাসের ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে চার বছর বয়সি এক শিশুকন্যা-সহ আরও চারজন পড়ুয়াও আহত হয়েছে।
এই প্রসঙ্গে বুধবার এনসিপি নেত্রী সানা মালিক বলেন, একটি শিশুর প্রাণ হারিয়েছে। এর জন্য যিনিই দায়ী হোন না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমি বলেন, বৃষ্টির সময় গাড়ি চালানোর ক্ষেত্রে মানুষের অত্যন্ত সতর্ক থাকা উচিত। বর্ষার আগে নর্দমা ও ড্রেনগুলো পরিষ্কার করা হয়নি। রাস্তায় অনেক গর্ত রয়েছে। সরকারের উচিত এই পরিস্থিতির দিকে নজর দেওয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ