
অনন্তপুরামু, ১ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামুতে কেন্দ্রীয় অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেন। রাষ্ট্রপতি বলেন, আমাদের জ্ঞানান্বেষী, সহনশীল এবং উদ্ভাবনী যুবসমাজই আমাদের অমূল্য জাতীয় সম্পদ। নিজেদের জ্ঞানের সঙ্গে সৃজনশীলতা, সংকল্প এবং দায়িত্ববোধের সমন্বয় ঘটিয়ে আমাদের যুবসমাজ প্রতিবন্ধকতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভারত গড়তে অবদান রাখতে পারে।
সমাবর্তনে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা এমন এক জগতে প্রবেশ করছেন যা অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতি প্রতিটি ক্ষেত্রকে বদলে দিচ্ছে। এমন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, শিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না এবং থাকা উচিতও নয়। উদীয়মান প্রযুক্তির সঙ্গে ক্রমাগত খাপ খাইয়ে নেওয়ার প্রবণতাই হবে আপনার অন্যতম শ্রেষ্ঠ শক্তি। রাষ্ট্রপতি আরও বলেন, ভারত ২০৪৭ সালের মধ্যে বিকশিত রাষ্ট্র হওয়ার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। ‘বিকশিত ভারত’-এর এই স্বপ্ন কেবল আমাদের যুবসমাজের শক্তি, প্রতিভা এবং অঙ্গীকারের মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ