
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস সংক্রান্ত উচ্চ-পর্যায়ের কমিটিকে দ্রুত তাঁদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে, জনবিন্যাস পরিবর্তন সম্পর্কে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ এবং বিভিন্ন প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তাঁরা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবে। পাশাপাশি, জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহের জন্য তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে।
কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে প্রয়োজনীয় তথ্য আগেভাগে সংগ্রহের জন্য একটি বিস্তারিত প্রশ্নাবলি প্রস্তুত করা হয়েছে, যাতে তাঁদের সরেজমিন পরিদর্শন আরও অর্থবহ ও ফলপ্রসূ হয়। কমিটির এই কর্মপদ্ধতির প্রশংসা করে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন, যেন কমিটির দৈনন্দিন কাজকর্ম এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শনের সময় সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ