
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : কেরলমের প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক, ত্রিপুরার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং অভিনেতা প্রকাশ রাজ শনিবার দিল্লির যন্তর-মন্তরে পৌঁছে সোশ্যাল মিডিয়া-ভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান।
গত ২০ দিন ধরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে যন্তর-মন্তরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সিজেপি। এদিন সংগঠনের পক্ষ থেকে আগামী ২০ জুলাই যন্তর-মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রারও ঘোষণা করা হয়েছে।
সিজেপি-র দাবি, শিক্ষাক্ষেত্রে একাধিক অনিয়ম, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতা এবং ছাত্রস্বার্থবিরোধী সিদ্ধান্তের দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই দাবিকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাধিক নেতা আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, গত ১৪ দিন ধরে অনশনে থাকা পরিবেশবিদ সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বক্তব্য, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য