উচ্চ রক্তচাপ থেকে ডায়াবেটিস— ৩৯টি অত্যাবশ্যক ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করল কেন্দ্র
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ-সহ বিভিন্ন অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত ৩৯টি অত্যাবশ্যক ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করেছে জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (এনপিপিএ)। ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অর্
উচ্চ রক্তচাপ থেকে ডায়াবেটিস— ৩৯টি অত্যাবশ্যক ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করল কেন্দ্র


নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ-সহ বিভিন্ন অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত ৩৯টি অত্যাবশ্যক ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করেছে জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (এনপিপিএ)। ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অর্ডার, ২০১৩-এর বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনপিপিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সর্বোচ্চ মূল্যের বেশি দামে এই ওষুধ বিক্রি করা যাবে না। রোগীদের সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং চিকিৎসার আর্থিক বোঝা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই তালিকায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরলজনিত সমস্যা এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই নতুন মূল্য কার্যকর হয়েছে।

উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত অ্যামলোডিপিন-টেলমিসার্টান ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ট্যাবলেট ১৪.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। চোখের অস্ত্রোপচারের পর এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত নেপাফেনাক অপথ্যালমিক সলিউশন-এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিলিটারে ৬৮.৬৪ টাকা। হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে ব্যবহৃত একটি ওষুধের মূল্য প্রতি ক্যাপসুল ৬.৩৭ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের দামও নির্ধারণ করা হয়েছে।

শনিবার এনপিপিএ আবারও স্পষ্ট করেছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রকাশিত মূল্যতালিকা প্রত্যেক খুচরা বিক্রেতা ও ডিলারের দোকানে দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক। ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও), ২০১৩-এর ২৪(৪) নম্বর ধারার উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, এমন স্থানে মূল্যতালিকা টাঙাতে হবে যাতে ক্রেতারা সহজেই তা দেখতে ও জানতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande