ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয়ের মৃত্যুতে শোক প্রকাশ কংগ্রেসের
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : ভিয়েতনামের ফু-কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তাঁরা বিদেশ
ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয়ের মৃত্যুতে শোক প্রকাশ কংগ্রেসের


নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : ভিয়েতনামের ফু-কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তাঁরা বিদেশ মন্ত্রককে ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও ত্রাণকাজে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ মল্লিকার্জুন খাড়গে লেখেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে সাহস ও মানসিক শক্তি কামনা করেন। পাশাপাশি বিদেশ মন্ত্রককে পরিস্থিতির উপর নিবিড় নজরদারি রাখার এবং ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে উদ্ধারকাজ আরও জোরদার করার আবেদন জানান।

রাহুল গান্ধীও এক্স-এ শোকবার্তায় বলেন, এই দুর্ঘটনার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিখোঁজদের পরিবারের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কেন্দ্র সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকরভাবে উদ্ধার অভিযান চালানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বতোভাবে সহায়তা করার আহ্বান জানান।

ভিয়েতনামের প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নৌকাকর্মী ছিলেন। দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃত ১৫ জনের দেহ উদ্ধার করে তীরে আনা হয়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, হ্যানয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সুবিধার্থে জরুরি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande