মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে সুইগি ইনস্টামার্টকে এফএসএসএআই-এর ৯টি নোটিস
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : মেয়াদোত্তীর্ণ, পচা, দূষিত এবং মানবভোজ্য হিসেবে অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে অনলাইন গ্রোসারি পরিষেবা সুইগি ইনস্টামার্ট-কে ৯টি নোটিস জারি করেছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। গ্রাহকদ
মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে সুইগি ইনস্টামার্টকে এফএসএসএআই-এর ৯টি নোটিস


নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : মেয়াদোত্তীর্ণ, পচা, দূষিত এবং মানবভোজ্য হিসেবে অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে অনলাইন গ্রোসারি পরিষেবা সুইগি ইনস্টামার্ট-কে ৯টি নোটিস জারি করেছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। গ্রাহকদের একাধিক অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার এফএসএসএআই-এর প্রকাশিত নোটিস অনুযায়ী, হেলদিফাই ১০০ শতাংশ প্রোটিন, নয়েস হোমস্টাইল মাদ্রাজ মিক্সার উইথ পিনাট, অক্ষয়কল্পা অর্গানিক ডিম এবং কাকে দ্য পরাঠা-সহ একাধিক পণ্য নিয়ে অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বিক্রি করা হয়েছে, আবার কিছু খাদ্যপণ্য পচা, দুর্গন্ধযুক্ত ও দূষিত অবস্থায় গ্রাহকদের কাছে পৌঁছেছে। একটি ক্ষেত্রে অভিযোগ উঠেছে, গ্রাহকের ফেরত দেওয়া নষ্ট খাদ্যপণ্য পুনরায় অন্য গ্রাহকের কাছে পাঠানো হয়েছে।

এফএসএসএআই আরও জানিয়েছে, নয়েস ব্র্যান্ডের ডিম এমন একটি ব্র্যান্ড নামে বিক্রি করা হচ্ছিল, যা সংশ্লিষ্ট এফএসএসএআই লাইসেন্সে অনুমোদিত পণ্যের তালিকায় ছিল না। বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওই ধরনের পণ্য বিক্রি বন্ধ রাখার পাশাপাশি প্রয়োজনে লাইসেন্স সংশোধনের নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।

অভিযোগগুলির মধ্যে নষ্ট ডিম, দুধ ও প্যাকেটজাত খাদ্যপণ্য সরবরাহ, ভুল বা অবৈধ এফএসএসএআই লাইসেন্স নম্বর ব্যবহার এবং গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে গাফিলতির বিষয়ও উঠে এসেছে। কয়েকজন গ্রাহকের অভিযোগ, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের তদন্তের পরিবর্তে শুধু টাকা ফেরতের প্রস্তাব দেওয়া হয়েছে।

এফএসএসএআই বিক্রেতাদের অনবোর্ডিং প্রক্রিয়া, নিয়ন্ত্রক বিধি মেনে চলা, পণ্যের ট্রেসেবিলিটি, খাদ্যের গুণমান পর্যবেক্ষণ, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা বিধি পালনের ক্ষেত্রেও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ সুইগি ইনস্টামার্টের ফুড বিজনেস অপারেটর (এফবিও)-কে বিস্তারিত ব্যাখ্যা এবং বিধি মেনে চলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে এফএসএসএআই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande