
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ১৩ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক সতীশ কুমার শনিবার এই নির্দেশ দেন।
এদিন অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের আদালতে তোলা হয়। এরপরই আদালত হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়।
গত ১২ মে এক সরকারি আধিকারিকের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এই মামলায় এফআইআর দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতা এবং দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়।
অভিযোগ, ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যায়। এই অভিযোগের পর ওই পরীক্ষা বাতিল করে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়। পরে কেন্দ্রীয় সরকার গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। এখনও পর্যন্ত এই মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে অভিযোগ উঠেছে, মনীষা ওয়াঘমারে ধনঞ্জয় লোখান্ডের হাতে নিটের প্রশ্নপত্র তুলে দেন। পরে ধনঞ্জয় সেই প্রশ্নপত্র শুভম খৈরনারের কাছে পৌঁছে দেন। উল্লেখ্য, গত ১৪ মে আদালত পাঁচ অভিযুক্তকে সাত দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন নাসিকের শুভম খৈরনার, জয়পুরের মাঙ্গিলাল বিবাল, বিকাশ বিবাল, দিনেশ বিবাল এবং গুরুগ্রামের যশ যাদব। শুভম খৈরনারকে ১৩ মে মুম্বই থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে আসে সিবিআই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য