
অকল্যান্ড, ১১ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের স্বাভাবিক অংশীদার করে তুলেছে। দুটি সামুদ্রিক রাষ্ট্র হিসেবে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে নতুন শক্তি জোগায় এবং আমাদের এই অংশীদারিত্ব শান্তির লক্ষ্য অর্জনে নতুন প্রাণশক্তি সঞ্চার করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত, আমার এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আমরা যৌথভাবে বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় আমাদের অবদান বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতে আপনার সফর এবং মুক্ত বাণিজ্য চুক্তি-র প্রক্রিয়া শুরুর পর থেকে, এত অল্প সময়ের মধ্যে এই চুক্তিটিকে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র নিউজিল্যান্ড ঐক্যবদ্ধ হয়েছে। বিশ্বজুড়ে সম্ভবত এটিই প্রথম ঘটনা, যেখানে এমন একটি প্রক্রিয়া এত দ্রুত সম্পন্ন হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ