
অকল্যান্ড, ১১ জুলাই (হি.স.): মুক্ত বাণিজ্য চুক্তি বাজার প্রবেশাধিকার, বিনিয়োগ, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অকল্যান্ডে বাণিজ্য মহলের বিশিষ্টজনেদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বছর আমাদের দু'টি দেশ মাত্র নয় মাসের রেকর্ড সময়ে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তিটি আপনাদের সবার জন্য বাজার প্রবেশাধিকার, বিনিয়োগ, সেবা এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, অকল্যান্ডে আপনাদের সবার মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভারতের প্রতি গভীর অঙ্গীকারের জন্য আমি প্রধানমন্ত্রী লাক্সনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আপনাদের উপস্থিতি নিউজিল্যান্ডের উদ্ভাবনী শক্তি, উদ্যোগ এবং ভবিষ্যৎমুখী চিন্তাভাবনার প্রতীক। ভারতের পক্ষ থেকে আমি ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার বার্তা নিয়ে এসেছি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বর্তমানে ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতি। আমাদের ক্রম-সম্প্রসারমান মধ্যবিত্ত শ্রেণি, ব্যাপক মাত্রায় ডিজিটাল প্রযুক্তির গ্রহণ এবং আধুনিক অবকাঠামো ভারতকে প্রবৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলেছে। ভারতে আমরা ‘সংস্কার, কর্মসম্পাদন ও রূপান্তর’-কে আমাদের শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছি। মোদী বলেন, এখন ভারতের রয়েছে নীতিগত ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা। তাই বিশ্বের কাছে আমাদের বার্তা হলো—ভারত কেবল একটি বাজার নয়;
ভারত হলো বৈশ্বিক প্রবৃদ্ধির এক ‘লঞ্চ প্যাড’।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ