ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় যৌথ আন্দোলনের প্রস্তুতি, এসকেএম (অরাজনৈতিক)-এর চিঠি এসকেএম-কে
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : ভারত-আমেরিকার প্রস্তাবিত বাণিজ্য চুক্তি এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন ইস্যুর বিরোধিতায় দেশজুড়ে যৌথ আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। এই লক্ষ্যে সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক) সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)-কে চিঠি দিয়
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় যৌথ আন্দোলনের প্রস্তুতি, এসকেএম (অরাজনৈতিক)-এর চিঠি এসকেএম-কে


নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : ভারত-আমেরিকার প্রস্তাবিত বাণিজ্য চুক্তি এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন ইস্যুর বিরোধিতায় দেশজুড়ে যৌথ আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। এই লক্ষ্যে সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক) সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)-কে চিঠি দিয়ে পারস্পরিক মতভেদ ভুলে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একযোগে আন্দোলনের প্রস্তাব দিয়েছে।

সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক)-এর সমন্বয়ক জগজিৎ সিং ডাল্লেওয়াল এবং সহ-সমন্বয়ক কুরুবুরু শান্তাকুমারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে বৃহত্তর ঐক্যই এখন সময়ের দাবি। কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে যৌথ কৌশল গ্রহণ করে জাতীয় স্তরে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), বিশ্বব্যাঙ্ক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বড় কর্পোরেট সংস্থাগুলির প্রভাবেই কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার ধারাবাহিকভাবে কৃষকবিরোধী নীতি গ্রহণ করছে। পাশাপাশি দাবি করা হয়েছে, কেন্দ্র সরকার আমেরিকার সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে, যা কৃষক, কৃষিশ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বিরূপ প্রভাব ফেলতে পারে।

সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক) পঞ্জাব সরকারের প্রস্তাবিত ল্যান্ড পুলিং নীতিরও বিরোধিতা করেছে। সংগঠনের দাবি, এই নীতি পুনরায় কার্যকর করার উদ্যোগ কৃষকদের স্বার্থবিরোধী। তাই জমি, কৃষি এবং বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সমস্ত কৃষক সংগঠনকে এক মঞ্চে এসে আন্দোলনে সামিল হওয়া উচিত।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কৃষক সংগঠনগুলির মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যে গত ২৫ জুন এবং ১ জুলাই চণ্ডীগড়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং যৌথ আন্দোলনের বিষয়ে ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)-এর সঙ্গে যুক্ত রয়েছেন কৃষক নেতা ড. দর্শন পাল, রাকেশ টিকায়েত, হান্নান মোল্লা এবং বলবীর সিং রাজেওয়াল। অন্যদিকে, সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক)-এর নেতৃত্বে রয়েছেন জগজিৎ সিং ডাল্লেওয়াল এবং সর্বন সিং পন্ধের। এখন যৌথ আন্দোলনের প্রস্তাবে এসকেএম কী অবস্থান নেয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দুই সংগঠন কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর কৃষক মহলের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande