
দাতিয়া, ১১ জুলাই (হি.স.): আগামী ৩০ জুলাই উপনির্বাচন। বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রর প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন সমর্থকরা। শনিবার ভোরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
দাতিয়া উপনির্বাচনের নেপথ্যে রয়েছে আদালতের রায়। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কংগ্রেস বিধায়ক আশুতোষ মিশ্রের তিন বছরের কারাবাস হয়েছে। খারিজ হয়ে গিয়েছে তাঁর বিধায়ক পদ। সেই কারণেই আগামী ৩০ জুলাই ওই কেন্দ্রে উপনির্বাচন হবে। তবে তিন বারের বিধায়ক ও মধ্যপ্রদেশের প্রাক্তন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে প্রার্থী না করে বিজেপি এ বার ভরসা রেখেছে যুবনেতা আশুতোষ তিওয়ারির উপর। এতেই ক্ষুব্ধ নরোত্তমের সমর্থকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ