টেলি অভিনেতা রোহিত চান্ডেল গ্রেফতার, নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ
মুম্বই, ১১ জুলাই(হি. স.): জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ''পাণ্ড্যা স্টোর''-এর অভিনেতা রোহিত চান্ডেলকে এক কিশোরীর শ্লীলতাহানি, পিছু নেওয়া এবং মারধরের অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় স
অভিনেতা রোহিত চান্ডেল গ্রেফতার, নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ


মুম্বই, ১১ জুলাই(হি. স.): জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'পাণ্ড্যা স্টোর'-এর অভিনেতা রোহিত চান্ডেলকে এক কিশোরীর শ্লীলতাহানি, পিছু নেওয়া এবং মারধরের অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সি ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে গত ১০ জুলাই দহিসরে অভিনেতার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে বিশেষ পকসো আদালতে তোলা হলে আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায়।

অভিযোগে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে রোহিত চান্ডেল বিভিন্ন মোবাইল নম্বর থেকে ওই কিশোরীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করছিলেন। অভিযোগ, গত ৫ জুলাই তিনি কিশোরীর বাড়ির কাছে গিয়ে তাঁর পিছু নেন, অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে হেনস্থাও করেন।

এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পিছু নেওয়া এবং স্বেচ্ছায় আঘাত করার ধারার পাশাপাশি পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিনেতা ও কিশোরী পূর্বপরিচিত ছিলেন। তবে তাঁদের সম্পর্কের প্রকৃতি সম্পর্কে এখনও কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।

অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত রোহিত চান্ডেল বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৪ সালে 'হর মুশকিল কা হাল আকবর বীরবল' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন রোহিত চান্ডেল। পরে 'কাশীবাই বাজিরাও বল্লাল', 'পাণ্ড্যা স্টোর'-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande