
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পশ্চিম এশিয়ার জলসীমায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করা এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে কেন্দ্র।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হলেও এখনও একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
রবিবার প্রকাশিত বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি-র উপর হামলার ঘটনাকে ভারত কঠোর ভাষায় নিন্দা করছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে। সহযোগিতার জন্য ওমান সরকারকে ধন্যবাদও জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে অবিলম্বে উত্তেজনা হ্রাস, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে নির্বিঘ্ন নৌ-চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার আহ্বানও জানিয়েছে ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য