
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আগামী মঙ্গলবার (১৪ জুলাই) দেশব্যাপী কর্মচারী রাজ্য বিমা (ইএসআই)-র বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজেও উপস্থিত থাকবেন। ওইদিন তেলঙ্গানার সনাতনগরের ইএসআইসি হাসপাতালের একটি অনুষ্ঠান থেকে প্রায় ৬৬৮ কোটি টাকা মূল্যের এইসব প্রকল্পগুলির সূচনা হবে। এর ফলে দেশজুড়ে এই বিমার আওতায় থাকা প্রায় ৫৩ লক্ষ ব্যক্তি ও সুবিধাভোগীরা আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন।
শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ওইদিন সশরীরে সনাতনগরের ইএসআইসি হাসপাতালের নতুন বহির্বিভাগ (ওপিডি) উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি আরও ৬টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এগুলির মধ্যে রয়েছে অসমের বেলটোলায় ২০০ শয্যাবিশিষ্ট উন্নতমানের ইএসআইসি হাসপাতাল, তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রেভরমের ইএসআইসি হাসপাতাল, গুজরাটের সুরেন্দ্রনগরে এবং রাজস্থানের কোটার উদ্যোগ নগরে ইএসআই ডিসপেনসারি ও শাখা কার্যালয় এবং রাজস্থানের ভবানী মান্ডির ইএসআই ডিসপেনসারি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ