
মুম্বই, ১২ জুলাই (হি.স.) : নাগপুরের পারডি এলাকায় নির্মীয়মাণ ফ্লাইওভারের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের জন্য আধুনিক সবজি বাজার এবং একটি স্পোর্টস ক্লাব গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। প্রায় ১৫০ কোটি টাকার এই প্রকল্পে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) ৪০ কোটি টাকা বরাদ্দ করবে।
রবিবার নাগপুরের বর্ধমাননগর রেলক্রসিংয়ে নির্মিত চার লেনের রেল ওভারব্রিজ এবং রাজ্যে ৪৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নয়টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেন, পূর্ব নাগপুরে দ্রুত শিক্ষা পরিকাঠামোর প্রসার ঘটছে। পাশাপাশি বর্জ্য থেকে সিএনজি উৎপাদনের প্রকল্পও শুরু হতে চলেছে। মহারেলের একাধিক পরিকাঠামো প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছে এবং মেট্রো পরিষেবা নাগপুরের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানান, আগামী তিন বছরের মধ্যে রাজ্যজুড়ে ১৪৫টি রেল ওভারব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। লক্ষ্য, মহারাষ্ট্রকে রেলগেট-মুক্ত রাজ্যে পরিণত করা এবং রেলক্রসিংয়ে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।
তিনি বলেন, রেলগেটে দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হয়। বর্তমানে মহারাষ্ট্রে মোট ৫২৪টি রেলগেট রয়েছে। যেসব রেলগেটে প্রতিদিন ১০ হাজারের বেশি যানবাহন চলাচল করে, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে মোট ১৪৫টি রেল ওভারব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। মহারেল আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্পগুলি সম্পূর্ণ করবে।
ফড়নবীস আরও বলেন, নাগপুর শহর ও সংলগ্ন এলাকায় দ্রুত পরিকাঠামো উন্নয়নের ফলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং সামাজিক-অর্থনৈতিক বিকাশের গতি বেড়েছে। তিনি ঘোষণা করেন, ভগবান সম্ভবনাথ চক থেকে ডেপুটি সিগন্যাল মার্গ পর্যন্ত নির্মীয়মাণ রেল ওভারব্রিজের নামকরণ করা হবে প্রাক্তন মেয়র বাহারিনবাই সোনবোইরের নামে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্বমন্ত্রী তথা নাগপুরের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে, অর্থ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আশিস জয়সওয়াল, বিধায়ক কৃষ্ণা খোপড়ে, চরণ সিং ঠাকুর, মেয়র নীতা ঠাকরে, মহারেলের মহাব্যবস্থাপক রাজেশকুমার জয়সওয়াল-সহ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক নাগরিক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য