সোমবার থেকে তিন দেশের সফরে পীযূষ গোয়েল, এফটিএ-সহ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামী ১৩ থেকে ১৭ জুলাই স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। সফরকালে ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন শক্তি,
সোমবার থেকে তিন দেশের সফরে পীযূষ গোয়েল, এফটিএ-সহ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর


নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামী ১৩ থেকে ১৭ জুলাই স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। সফরকালে ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন শক্তি, উদীয়মান প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্পে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

রবিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, পীযূষ গোয়েলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ভারতীয় শিল্প প্রতিনিধিদল এই সফরে অংশ নেবে। প্রতিনিধিদলে উন্নত উৎপাদন, পরিচ্ছন্ন শক্তি, ডিজিটাল প্রযুক্তি, রত্ন ও গয়না, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য পরিষেবা এবং ডিজাইন শিল্পের শীর্ষ সংস্থাগুলির প্রতিনিধিরা থাকবেন। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য।

সফরের প্রথম পর্যায়ে ১৩ জুলাই স্পেনে পৌঁছে দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসা বিষয়ক মন্ত্রী কার্লোস কুয়ের্পো কাবায়েরো, শিল্প ও পর্যটনমন্ত্রী জর্দি হেরেউ বোহের এবং বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি ভারত-স্পেন বিজনেস রাউন্ডটেবিল বৈঠকেরও সভাপতিত্ব করবেন।

স্পেনে অটোমোবাইল, নবায়নযোগ্য শক্তি, রেল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ভারত-স্পেন কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে পালিত ‘স্পেন-ইন্ডিয়া ডুয়াল ইয়ার ২০২৬’-এর আবহেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

১৪ ও ১৫ জুলাই বেলজিয়ামে পীযূষ গোয়েল অ্যান্টওয়ার্প বন্দর এবং অ্যান্টওয়ার্প ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার পরিদর্শন করবেন। ইউরোপের অন্যতম প্রধান বাণিজ্য ও লজিস্টিক্স কেন্দ্র হিসেবে পরিচিত অ্যান্টওয়ার্প বন্দরে সবুজ লজিস্টিক্স, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খল নিয়ে আলোচনা হবে। ডায়মন্ড সেন্টার সফর ভারতের রত্ন ও গয়না শিল্পের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

বেলজিয়াম সফরেই তিনি ভারত-ইইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের (টিটিসি) তৃতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, টেকসই প্রযুক্তি, ডিজিটাল সহযোগিতা এবং সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং ভারত-বেলজিয়াম বিজনেস রাউন্ডটেবিলেও অংশ নেবেন তিনি।

সফরের শেষ পর্যায়ে ১৬ ও ১৭ জুলাই ফিনল্যান্ডে যাবেন পীযূষ গোয়েল। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে উদ্ভাবন, উন্নত উৎপাদন, পরিচ্ছন্ন শক্তি, ডিজিটাল প্রযুক্তি এবং শিল্প গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে। তিনি ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ড. সাকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করবেন এবং ভারত-ফিনল্যান্ড বিজনেস রাউন্ডটেবিলে অংশ নেবেন।

ফিনল্যান্ড সফরকালে ভারতীয় শিল্প কনফেডারেশন (সিআইআই) এবং বিজনেস ফিনল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এছাড়া নোকিয়া, ভিটিটি রিসার্চ সেন্টার, কোন কর্পোরেশন এবং কেম্পি গ্রুপ-সহ একাধিক শীর্ষ সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানে সফর করবেন তিনি। সেখানে টেলিকম পরিকাঠামো, ৬জি গবেষণা, স্মার্ট মোবিলিটি, বৈদ্যুতিক গাড়ির পরিকাঠামো, শিল্প উদ্ভাবন এবং উন্নত উৎপাদন প্রযুক্তি নিয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande