নাগাল্যান্ডে আসাম রাইফেলস-এর কনভয়ে আইইডি হামলা, হত ৩ জওয়ান, জখম একাধিক
কোহিমা (নাগাল্যান্ড), ১৩ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলার অন্তর্গত সুখোভি গ্রাম এলাকায় আসাম রাইফেলস-এর একটি কনভয়ের ওপর ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলায় তিনজন জওয়ান শহিদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, জানিয়
নাগাল্যান্ডে আসাম রাইফেলস-এর কনভয়ে আইইডি হামলায় জখম জওয়ানদের কয়েকজন


কোহিমা (নাগাল্যান্ড), ১৩ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলার অন্তর্গত সুখোভি গ্রাম এলাকায় আসাম রাইফেলস-এর একটি কনভয়ের ওপর ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলায় তিনজন জওয়ান শহিদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, জানিয়েছেন কোহিমা–ভিত্তিক প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক (ডিফেন্স পিআরও)। তিনি জানান, হামলার পর এলাকাজুড়ে ব্যাপক চিরুনি তালাশি-অভিযান শুরু হয়েছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ডিফেন্স পিআরও জানান, সন্দেহভাজন জঙ্গিরা চলন্ত আসাম রাইফেলসের কনভয়কে লক্ষ্য করে একটি আইইডি নিক্ষেপ করে। এতে শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন জওয়ানের মৃত্যু হয়। এছাড়া কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি পিআরও।

এদিকে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক এবং কীর্তি চক্র সম্মানপ্রাপ্ত মেজর দিগ্বিজয় সিং রাওয়াত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছেন, এই হামলার পেছনে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (আইজ্যাক-মুইভা) সংক্ষেপে এনএসসিএন (আইএম)-এর হাত রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, অতীতেও নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলায় এনএসসিএন (আইএম) এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-স্বাধীন (আলফা-স্বা) একসঙ্গে কাজ করেছে।

এক্স-এ কীর্তি চক্র সম্মানপ্রাপ্ত মেজর দিগ্বিজয় সিং রাওয়াত লিখেছেন, ‘এক সপ্তাহের মধ্যে চুমৌকেদিমায় আসাম রাইফেলসের কনভয়ের ওপর এনএসসিএন (আইএম)-এর এটি দ্বিতীয় আইইডি হামলা। অতীতের বহু হামলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আলফা ও এনএসসিএন একসঙ্গে কাজ করেছে।’

তবে কোনও জঙ্গি সংগঠনের জড়িত থাকার বিষয়ে এখনও সরকারিভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। একইসঙ্গে, আজকের হামলার দায়ও এখন পর্যন্ত কোনও সংগঠন স্বীকার করেনি।

বিস্ফোরণের পর আসাম রাইফেলস এবং ডিমাপুর পুলিশের যৌথ বাহিনী হামলাকারীদের খুঁজে বের করতে চিরুনি তালাশি অভিযান শুরু করেছে। হামলার স্থান এবং তার আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande