
নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে সোমবার ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। এদিন দিল্লির সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, সংবিধান সদন, নর্থ ব্লক এবং সাউথ ব্লক-সহ দেশের জাতীয় রাজধানীর প্রধান প্রশাসনিক ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন জানান, কাতারের প্রাক্তন আমিরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ভারত একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কৃষি ভবন, রেল ভবন, এয়ার ফোর্স বিল্ডিং এবং সেবা তীর্থ কমপ্লেক্সের মতো অন্যান্য সরকারি ভবনগুলিতেও পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করা হয়।
উল্লেখ্য, রবিবার ৭৪ বছর বয়সে শেখ হামাদ প্রয়াত হন। কাতারে তিনি ফাদার আমির নামে পরিচিত ছিলেন। ১৯৯৫ সালে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন। দীর্ঘ ১৮ বছর দেশের নেতৃত্ব দেন তিনি। তাঁর শাসনকালে কাতারে ব্যাপক অর্থনৈতিক সংস্কার হয়। এলএনজি খাতে বিপুল বিনিয়োগ করে এবং বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি রপ্তানিকারক দেশ হয়ে ওঠে। তিনি দোহার স্থাপত্যের স্থাপত্যশৈলীকে আধুনিকীকরণ করেন। দেশের মর্যাদাকে আন্তর্জাতিক শরীরে এক নতুন উচ্চতায় নিয়ে যান। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে পুত্র শেখ তামিম বিন হামাদ আল-থানিকে শাসনভার হস্তান্তর করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ