
নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): সম্প্রতি কেরলমের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে মৃত্যু হয় ৮ জনের। এই দুঃসময়ে ওয়ানাডে দেখা যায়নি স্থানীয় সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-কে। এছাড়াও ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীকেও দেখা যায়নি। আর তাই নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। সোমবার এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেন, যখন রাহুল গান্ধী তাঁর পারিবারিক নির্বাচনী কেন্দ্রে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন, তখন কেরলমের ওয়ানাড লোকসভা কেন্দ্র তাঁকে নতুন রাজনৈতিক ভিত্তি এনে দিয়েছিল। অথচ, গত কয়েক দিন ধরে ওয়ানাডে যখন প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ হয়েছেন, তখন রাহুল গান্ধীকে সেখানে সশরীরে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না। যখন তিনি ওই আসনটি ছেড়ে তাঁর বোন প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন, তখন রাহুল গান্ধী বলেছিলেন ওয়ানাডের একজন নয়, বরং দুজন সাংসদ থাকবেন। আর এখন সেই তথাকথিত উভয় সাংসদই ঘটনাস্থল থেকে অনুপস্থিত।
সুধাংশু আরও বলেন, রাহুল গান্ধী রহস্যজনকভাবে কোনও এক অজানা স্থানে চলে গেছেন; আর মনে হচ্ছে, তাঁর বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক জয়রাম রমেশ যেন রাহুলের এই স্বেচ্ছায় নির্বাসনের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। একসময় দিগ্বিজয় সিং সম্পর্কে ধারণা ছিল, তিনি রাহুল গান্ধীর আদর্শগত পরামর্শদাতা বা মেন্টর; এরপর স্যাম পিত্রোদার ক্ষেত্রেও একই ধারণা তৈরি হয়েছিল; আর বর্তমানে জয়রাম রমেশের দিকেই সেই দৃষ্টি নিবদ্ধ হয়েছে। শিষ্যের হয়ে গুরুর কথা বলার বিষয়টি আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু গুরুর হয়ে শিষ্যের কথা বলার ঘটনা এই প্রথম দেখা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ