
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা ওমি বৈদ্য। দিল্লির যন্তর মন্তরে চলা এই অনশনের প্রেক্ষিতে তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার আবেদন জানান।
'থ্রি ইডিয়টস' ছবিতে চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ওমি বৈদ্য ভিডিওর শুরুতে নিজেকে থ্রি ইডিয়টসের চতুর বলে পরিচয় দেন। এরপর ছবির ফুংসুখ ওয়াংডু চরিত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি চাই না ফুংসুখ ওয়াংডু মারা যাক। উল্লেখ্য, ছবির ওই চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত।
ওমি বৈদ্য জানান, ব্যক্তিগতভাবে সোনম ওয়াংচুকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। তিনি ওয়াংচুককে একজন বিনয়ী, অনুপ্রেরণাদায়ক প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষাবিদ বলে উল্লেখ করেন এবং তাঁর কাজ ও আন্দোলনের বিষয়গুলি সম্পর্কে জানার আহ্বান জানান।
ভিডিও বার্তায় অভিনেতা বলেন, দীর্ঘ অনশনের ফলে সোনম ওয়াংচুকের রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতির দিকে সকলের নজর দেওয়ার আবেদনও জানান তিনি।
ওমি বৈদ্য শিক্ষা, লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ সংরক্ষণ-সহ ওয়াংচুকের উত্থাপিত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। যন্তর মন্তরে চলা অনশন ঘিরে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই অভিনেতার এই বার্তা সামনে এল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য