ইথানল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ, নীতিন গড়করিকে নিয়ে পোস্টে ইউটিউবার-সহ চার জনের বিরুদ্ধে মামলা
নাগপুর, ১৪ জুলাই (হি.স.) : ইথানল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির মানহানির অভিযোগে বিহারের ইউটিউবার মনীশ কাশ্যপ-সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নাগপুর সাইবার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

বিজেপির নাগপুর শহর সামাজিক মাধ্যম সেলের সমন্বয়কারী শিশির ত্রিপাঠী, যুগ্ম সমন্বয়কারী সম্পত পান্ডে এবং আদিত্য জুমা সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মনীশ কাশ্যপ তাঁর ইউটিউব চ্যানেলে নীতিন গড়করিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। অভিযোগকারীদের দাবি, ওই ভিডিওতে ইথানল সংক্রান্ত বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া ইনস্টাগ্রামে 'দেশি বয়েজ', হর্ষিত রাঠি এবং অঙ্কলেশ ইনওয়াতি নামে তিনটি অ্যাকাউন্ট থেকেও ইথানল নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্যপ্রমাণও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ৩৫৬, ৩৫২ ও ২৯৬ ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৭ ধারায় মামলা রুজু করেছে সাইবার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande