
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): মহারাষ্ট্রে ‘লড়কি বহিন যোজনা’ থেকে বিপুল সংখ্যক মহিলার বাদ পড়ার ঘটনায় মহারাষ্ট্র সরকারকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনের পরে আবার ঘোষণা করা হয়েছিল, সেটা বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা করা হবে। কিন্তু এখন লক্ষাধিক মহিলাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দলের মুখপাত্র অতুল লোন্ধে পাটিল মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, ই-কেওয়াইসি-র অজুহাতে ৬২ লক্ষ শ্রমজীবী মহিলাকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। আর বয়সের কারণ দেখিয়ে ১ লক্ষ ৮০ হাজার মহিলাকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় মহিলাদের মা-বোন সম্বোধন করে বিজেপি ভোট চেয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হতেই মহিলাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। কংগ্রেস এদিন এই ঘটনাকে প্রতারণা বলে অভিহিত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ