
কলকাতা, ১৪ জুলাই (হি. স.): পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়ন ও কৃষি ক্ষেত্রে গতি আনার উদ্দেশ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে চালু হওয়া ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের (জি-রাম-জি যোজনা) আওতায় ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি, এই প্রকল্পের জন্য আগামী ৩১ মার্চের মধ্যে ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে।
বৈঠক শেষে শিবরাজ সিং চৌহান জানান, রাজ্যে এ পর্যন্ত ২.৫৬ কোটি জব কার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে। যেসব যোগ্য ব্যক্তির কাছে এখনও জব কার্ড নেই, তাঁদের আবেদন মঞ্জুর করার জন্য আধিকারিকদের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্য আরও এক লক্ষ নতুন বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের অনুরোধে উপভোক্তাদের তালিকা তৈরির চূড়ান্ত সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট করা হয়েছে, যাতে বর্ষা ও অন্যান্য পরিস্থিতির কথা বিবেচনা করে সমস্ত যোগ্য মানুষকে এর আওতাভুক্ত করা যায়।
এদিনের বৈঠকে গ্রামীণ উন্নয়ন, কৃষি এবং পরিকাঠামো সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাজ্যে ২,৪০০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে। যার প্রথম দফার কাজের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কৃষি ক্ষেত্রকে আরও মজবুত করতে রাজ্যের কৃষিজমির বৈজ্ঞানিক পরীক্ষা করানো হবে। এর ওপর ভিত্তি করেই বিভিন্ন জেলায় মাটির গুণাগুণ অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা তৈরি হবে। এজন্য চারটি প্রশিক্ষণ কেন্দ্র এবং গবেষণা পরীক্ষাগার স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
মালদায় আম, লিচু এবং অন্যান্য ফল উৎপাদন বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন মিলেছে। এ ছাড়া পশ্চিমবঙ্গে আলু ও পাটের বীজ উৎপাদনে বিশেষ উৎসাহ দেওয়া হবে যাতে অন্য রাজ্যের ওপর নির্ভরতা কমানো যায়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পূর্ব ভারতের জন্য পশ্চিমবঙ্গকে বীজ উৎপাদনের প্রধান হাব বা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান যে, কেন্দ্র সরকার দার্জিলিং, আলিপুরদুয়ার, বীরভূম এবং পুরুলিয়া জেলায় ‘প্রধানমন্ত্রী ধন-ধান্য প্রকল্প’ রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেন, পূর্বতন রাজ্য সরকারের আমলে কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্পে আশানুরূপ সহযোগিতা মেলেনি। যার ফলে রেল, সড়ক, জাতীয় সড়ক এবং মেট্রোসহ প্রায় ৮২,৪৯২ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বছরের পর বছর ধরে থমকে ছিল। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এই প্রকল্পগুলির রূপায়ণে গতি এসেছে এবং কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি