
চণ্ডীগড়, ১৪ জুলাই (হি.স.) : হরিয়ানার হিসার বিমানবন্দরে মঙ্গলবার অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মুম্বই থেকে আসা একটি বেসরকারি চার্টার বিমান ভুল করে সচল রানওয়ের পরিবর্তে বন্ধ হয়ে থাকা পুরনো রানওয়েতে অবতরণ করে। অবতরণের সময় রানওয়েতে থাকা একটি 'ক্যাট আই' রিফ্লেক্টরের সঙ্গে বিমানের ডানার ধাক্কা লাগে। তবে পাইলট-সহ বিমানে থাকা আটজনই নিরাপদে রয়েছেন।
বিমানটিতে প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও শিল্পপতি সুভাষ চন্দ্রের স্ত্রী সুশীলা গোয়েঙ্কা এবং পরিবারের আরও ছয় সদস্য ছিলেন। তাঁরা সুভাষ চন্দ্রের প্রয়াত বাবা নন্দকিশোর গোয়েঙ্কার মরদেহ নিয়ে মুম্বই থেকে হিসারে ফিরছিলেন। ৯৬ বছর বয়সি নন্দকিশোর গোয়েঙ্কা দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার সময় সুভাষ চন্দ্র নিজে হিসার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাইলট ভুলবশত সচল রানওয়ের বদলে বহুদিন ধরে বন্ধ থাকা পুরনো রানওয়েতেই বিমান নামিয়ে ফেলেন। অবতরণের সময় রানওয়েতে বসানো 'ক্যাট আই' রিফ্লেক্টরের সঙ্গে বিমানের ডানার জোরালো ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় রিফ্লেক্টরের অংশ বিমানের ডানার ভিতরে ঢুকে যায় এবং বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। কীভাবে বন্ধ রানওয়েতে বিমান অবতরণ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে, নন্দকিশোর গোয়েঙ্কার মরদেহ মঙ্গলবার হিসারের মোহনা মান্ডিতে তাঁদের পৈতৃক বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে। বুধবার অগ্রোহা ধামের গোয়েঙ্কা উদ্যানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য