
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত অভিনেতা শাহরুখ খানের বাসভবন 'মন্নত'-এর সংস্কার কাজের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের এই রায়ে 'মন্নত'-এর সংস্কারকাজে আর কোনও আইনি বাধা রইল না।
মামলার শুনানিতে আবেদনকারী তথা মুম্বইয়ের সমাজকর্মী সন্তোষ দাউন্ডকর দাবি করেন, 'মন্নত'-এ আরও দুটি তলা নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি।
তবে সুপ্রিম কোর্ট আবেদনকারীর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলে। আদালত জানায়, কোনও ব্যক্তি চলচ্চিত্র তারকা বলেই আদালত প্রভাবিত হয় না। কেউ নিজের বাড়িতে অতিরিক্ত তলা নির্মাণ করতে চাইলে, আইন মেনে প্রয়োজনীয় অনুমতি নিয়ে তা করতে অসুবিধা কোথায়। প্রাথমিকভাবে আদালতের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট আইনি বিধি যথেষ্ট পরিমাণে অনুসরণ করা হয়েছে। প্রতিবেশী বা অন্য কারও আপত্তির ভিত্তিতে এতে হস্তক্ষেপের প্রয়োজন নেই।
এর আগে আবেদনকারী এনজিটির পশ্চিমাঞ্চলীয় বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণে অস্বীকৃতি জানিয়ে মামলাটি খারিজ করে দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য