
জীবনতলা, ১৫ জুলাই (হি. স.): গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইন এবং নগদ ৬ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করল জীবনতলা থানার পুলিশ। ঘটনায় এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ জুলাই ঘুটিয়ারি শরিফ আরওপি-র ওসি এসআই তুহিন মণ্ডল খবর পান, দুই ব্যক্তি মাদক নিয়ে নবপল্লি থেকে ঘুটিয়ারি শরিফ রেলস্টেশনের দিকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে নবপল্লি এলাকায় অভিযান চালিয়ে রোশনারা বিবি (৪৩) এবং রসিদ লস্কর (২২) নামে দু’জনকে আটক করে পুলিশ।
তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ৬ লক্ষ ৩০ হাজার টাকা। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০ টাকার মোট ১,২৬০টি নোট ছিল।
এই ঘটনায় জীবনতলা থানায় স্বতঃপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃত দু’জনকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকার উৎস কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা