অর্কিড পার্কে জিএসটি ফাঁকির অভিযোগ বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধ, তদন্ত দাবি অর্থমন্ত্রী জয়ন্তমল্লের
গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : শিবসাগরের বিধায়ক, রাইজর দলের সভাপতি অখিল গগৈ-পরিচালিত কাজিরাঙা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কে দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য আদায় করা হলেও তার ওপর প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর (জিএসটি) জমা দেওয়া হয
বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া এবং বিধায়ক অখিল গগৈ (ফাইল ফটো)


গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : শিবসাগরের বিধায়ক, রাইজর দলের সভাপতি অখিল গগৈ-পরিচালিত কাজিরাঙা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কে দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য আদায় করা হলেও তার ওপর প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর (জিএসটি) জমা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। বিষয়টি তদন্তের জন্য তিনি অসম বিধানসভার অনুমতি চেয়েছেন।

আজ বুধবার অসম বিধানসভার চলমান বাজেট অধিবেশনের অষ্টম দিনের আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী দাবি করেন, অখিল গগৈ পরিচালিত ওই অর্কিড পার্কে দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়া হলেও তার ওপর প্রযোজ্য জিএসটি পরিশোধ করা হয়নি। এই অভিযোগকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিধানসভা অনুমতি দিলে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের পাঠানো হবে।

বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে জয়ন্তমল্ল বরুয়া বলেন, ‘অখিল গগৈ অর্কিড পার্ক পরিচালনা করছেন এবং দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য আদায় করছেন, কিন্তু সেই অর্থের ওপর জিএসটি দিচ্ছেন না।’ তিনি আরও বলেন, ‘বিধানসভা যদি অনুমতি দেয়, তা-হলে আমি তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের পাঠাব। কর ফাঁকি দিয়ে অখিল গগৈ রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছেন।’

উল্লেখ্য, এর কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার বাজেট-সংক্রান্ত সমাপনী বক্তব্যের সময় বারবার বাধা দেওয়ার অভিযোগে অখিল গগৈকে দিনের বাকি সময়ের জন্য বিধানসভা থেকে বরখাস্ত করেছিলেন অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। আজকের বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে একাধিক উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। এরই মধ্যে অর্থমন্ত্রীর এই অভিযোগ রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande