
মালদা, ১৫ জুলাই (হি. স.): একুশে জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে বুধবার মালদার ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হোটেলে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঋতব্রতপন্থী তিন বিধায়ক, এক প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের একাধিক নেতা। তবে ইংরেজবাজার ও পুরাতন মালদা এলাকার অধিকাংশ কাউন্সিলর এবং জেলার বহু নেতৃত্বকে সভায় দেখা যায়নি। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, দলকে শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রকৃত সংগঠকদের গুরুত্ব না দিয়ে অনেক ‘বেনোজল’-কে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে বহু পুরনো কর্মী ও নেতারা সংগঠন থেকে দূরে সরে গিয়েছেন। জনসমর্থন রয়েছে এমন নেতাদের সামনে এনে দলকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাবিনা ইয়াসমিন আরও বলেন, যাঁরা এতদিন দলের শীর্ষ নেতৃত্বকে ঘিরে ছিলেন, তাঁরাই সংগঠনের ক্ষতি করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নতুন করে রাজ্য কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে জেলা, ব্লক ও অঞ্চল কমিটিও গঠন করা হবে। ঋতব্রতপন্থী তৃণমূলের মালদা জেলা সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, জেলার প্রতিটি বিধানসভায় প্রস্তুতি সভা করা হবে। বাকি দুই বিধায়ককে সংগঠনে নেওয়ার বিষয়টি জাতীয় কমিটি সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়