
বিধাননগর (সল্টলেক), ১৫ জুলাই (হি. স.): রাজ্যের আন্তঃরাজ্য সড়ক যোগাযোগকে আরও শক্তিশালী করতে সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাস থেকে শ্যামলী পরিবহনের চারটি নতুন দূরপাল্লার বাস রুটের আনুষ্ঠানিক সূচনা হল বুধবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শ্যামলী পরিবহনের শীর্ষ আধিকারিকরা।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে চেন্নাই এবং কলকাতা থেকে পুরী— এই চারটি গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবার ফলে দীর্ঘ দূরত্বের যাত্রীদের আরও একটি আরামদায়ক ও নির্ভরযোগ্য যাতায়াতের বিকল্প তৈরি হবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে শ্যামলী পরিবহনের ডিরেক্টর জানান, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে আরও কয়েকটি নতুন আন্তঃরাজ্য রুট চালু করার পরিকল্পনা রয়েছে। বাসগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি জানান।নতুন এই পরিষেবা চালু হওয়ায় পূর্ব ভারতের সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সড়ক যোগাযোগ আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়