
আন্দুল (হাওড়া), (হি. স.): হাওড়ার আন্দুলের খাটির বাজারের চাঁদনিবাগান এলাকায় বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে এক দশম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম রিতিকা সামন্ত। তিনি গ্রামিয়া হিতকারী গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় প্রধান রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবক আচমকাই রিতিকার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরপর একাধিক ছুরির কোপে গুরুতর জখম হন ওই ছাত্রী। ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন। রক্তাক্ত অবস্থায় রিতিকাকে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়