
কলকাতা, ১৫ জুলাই (হি. স.): বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আগামী দু’দিনের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রথযাত্রার দিন বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।এদিকে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় বুধবার থেকে ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়