
ক্যানিং, ১৫ জুলাই (হি. স.): জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মৃতের নাম প্রীতি মণ্ডল(১৩) ও দীপ মণ্ডল(১১)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালতলা গ্রামে। দুই শিশুকে জল থেকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের হিমচেখালি গ্রামের বাসিন্দা বাদল মণ্ডল ও জয়ন্তী মণ্ডল দুই সন্তানকে নিয়ে তালতলায় গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। মামার বাড়ি পাশেই পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তাঁরা। বেশ খানিকক্ষণ দুই ভাইবোন ঘরে ফেরেনি দেখে খোঁজাখুঁজি শুরু হয়। এরপর পুকুর থেকে উদ্ধার হয় দেহ। তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। বাদল জানিয়েছে তাঁর দুই সন্তানের কেউই সাঁতার জানতো না। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা