ডিপিএলের কুলিং টাওয়ার থেকে পড়ে মৃত্যু দুই ঠিকাশ্রমিকের
দুর্গাপুর, ১৫ জুলাই (হি.স.): দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর ৭ নম্বর কুলিং টাওয়ারে কাজ করার সময় উপর থেকে পড়ে দুই ঠিকাশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবারের এই ঘটনায় ডিপিএল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং
ডিপিএলের কুলিং টাওয়ার থেকে পড়ে মৃত্যু দুই ঠিকাশ্রমিকের


দুর্গাপুর, ১৫ জুলাই (হি.স.): দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর ৭ নম্বর কুলিং টাওয়ারে কাজ করার সময় উপর থেকে পড়ে দুই ঠিকাশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবারের এই ঘটনায় ডিপিএল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই।

ডিপিএল সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম উমেশ সাউ (৫৪), বাড়ি অণ্ডালে এবং পিন্টু কুমার ঘোষ (৪৯), দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনের বাসিন্দা। কুলিং টাওয়ারে রেলিং কাটার কাজ চলাকালীন আচমকাই তাঁদের সেফটি বেল্ট ছিঁড়ে যায়। ফলে দু'জনই উপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, নিম্নমানের সেফটি বেল্ট ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন, সমস্ত নিরাপত্তা বিধি মেনেই শ্রমিকরা কাজ করছিলেন। তা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও ডিপিএল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande