
ক্যানিং, ১৫ জুলাই (হি. স.): আবাস যোজনার ঘরের সার্ভে ঠিক মতো করা হচ্ছে না। যারা যারা সত্যিই এই প্রকল্পের ঘর পাওয়ার যোগ্য তাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে তালিকায়। সার্ভের সময় দুর্নীতি করা হয়েছে বলে পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। বুধবার দুপুরে ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পঞ্চায়েতের কর্মী ও আধিকারিকদের ঘিরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, সঠিক ভাবে তদন্ত করতে হবে এই আবাস যোজনার। যারা সত্যিই ঘর পাওয়ার যোগ্য তাঁদেরকে দিতে হবে এই সরকারি প্রকল্পের ঘর। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পঞ্চায়েত আধিকারিকরা পুনরায় সার্ভে করার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। এদিন ক্যানিংয়ের কুমারশা পাড়া ও আশপাশের গ্রামের মহিলারা পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখান।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা