
হুগলি , ১৫ জুলাই (হি.স.): বুধবার হুগলির জেলাশাসক এবং জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিধায়ক, আরামবাগের সাংসদ মিতালি বাগ, ও হুগলির সাংসদ রচনা ব্যানার্জি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
বৈঠকে উত্তরপাড়া বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল 'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন - গ্রামীণ বা 'ভিবি জি রামজি' প্রকল্প সংক্রান্ত বিষয়, দামোদর নদের বন্যা পরিস্থিতি, উত্তরপাড়া-কোন্নগর পুরসভার বিভিন্ন সমস্যা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প-সহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বকেয়া প্রকল্পগুলি।
বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং উত্তরপাড়ার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের সক্রিয় সহযোগিতায় উত্তরপাড়া বিধানসভার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে এবং নাগরিক পরিষেবার মান উন্নত হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA